বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

কল্পরেখা‍‍`র প্রতিষ্ঠার পঞ্চদশ বর্ষপূর্তি

মরোজুল ইসলাম শাকিল

অক্টোবর ২৯, ২০২৫, ০১:৩৫ এএম

কল্পরেখা‍‍`র প্রতিষ্ঠার পঞ্চদশ বর্ষপূর্তি

শিশুদের মাঝে মানবিকতা ও সংস্কৃতিবোধ জাগ্রত করার প্রত্যয়ে কাজ করে যাওয়া শিশু-সংগঠন 'কল্পরেখা' তাদের প্রতিষ্ঠার পঞ্চদশ বর্ষপূর্তি উপলক্ষ্যেগত ২৭ শে অক্টোবর অনুষ্ঠিত  এক বর্ণাঢ্য শিশু-উৎসবের আয়োজন করে মহিলা সমিতি মিলনায়তনে। ২০১০ সালের ২রা জুলাই যাত্রা শুরু করা এই সংগঠনের এবারের উৎসবের শিরোনাম ছিল 'মুক্ত করো ভয়, অপনা মাঝে শক্তি ধরো, নিজেকে করো জয়'।

অনুষ্ঠানে সংগঠনটির দীর্ঘ ১৫ বছরের পথচলা এবং শিশুদের মেধা বিকাশে তাদের ভূমিকার ওপর জোর দেওয়া হয়।
উৎসবের প্রথম পর্বে শুভেচ্ছা বক্তব্যে কল্পরেখার সাধারণ সম্পাদক তামান্না তিথি সংগঠনের মূল লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন, "ভবিষ্যতের বড় শিল্পী হবার লক্ষ্যে নয়, বরং রুচি ও কর্মে একজন বিবেকবান, সচেতন ও সুন্দর মনের মানুষ হবে কল্পরেখা শিশুরা— এই ভাবনা নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম।" 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কল্পরেখার সভাপতি মীর বরকত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল ইমরুল কায়েস (অব.), অধ্যক্ষ, হাবীবুল্লাহ্ বাহার কলেজ। বিশেষ অতিথির বক্তব্য দেন ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আরআরএফ, ঢাকা এবং কল্পরেখার অভিভাবক ইনামুল হক সাগর। সংগঠনের শিক্ষার্থী আরিশা নাসের-এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শিশুদের পক্ষ থেকেও বার্তা দেওয়া হয়। প্রথম পর্ব উপস্থাপনা করেন রূপকথা ও মেহজাবিন।

দ্বিতীয় পর্ব ছিল শিশুদের প্রাণবন্ত পরিবেশনায় মুখরিত। এই পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর লেখা থেকে নেওয়া নাটক ও আবৃত্তিতে অংশ নেয় কল্পরেখার কোমলমতি সদস্যরা। মিষ্টু, মুসাররাত, প্রমিতা ও জয়িতার উপস্থাপনায় শিশুরা বিভিন্ন প্রযোজনা মঞ্চস্থ করে।
কাজী নজরুল ইসলাম-এর রচনা থেকে পরিবেশিত হয়: খোকার সাধ, খুকী ও কাঠবিড়ালি, খোকার গপ্পো বলা, লিচুচোর, কানামাছি, খাঁদু দাদু এবং সাহেব ও মোসাহেব।

রবীন্দ্রনাথ ঠাকুর-এর রচনা থেকে পরিবেশিত হয়: মাস্টারবাবু, অন্য মা, রাজা রানী, আমাদের ছোট নদী, ইচ্ছামতি এবং বীরপুরুষ। 
বিভিন্ন প্রযোজনায় আলভী, প্রাচ্য, রায়ান, আরিয়া, আরিনি, ইশায়াত, জাফরিন, মাহিম, মিথিলা, জয়িতা, অর্নিলা, মাকনুন, অক্ষর, রিয়াছা, মেহজাবিন-সহ আরও অনেক শিশু অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শেষে তামান্না তিথি সকল শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে রবীন্দ্রনাথের বাণী উদ্ধৃত করেন: 'মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।'অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে অভিভাবকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানানো হয়।