সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০৮:০৫ পিএম

খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। মৃত্যুজনিত কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

সব মিলিয়ে জেলায় দাখিলকৃত ৪৮ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল হয়েছে এবং ৪২ জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষিত হয়েছে।দিনাজপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম রোববার (৪ জানুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেছেন।

দিনাজপুর-৫ ও ৬ আসনে যা ঘটল: রোববার সকালে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে আমজনতার দলের প্রার্থী মো. ইব্রাহীম আলী মন্ডলের মনোনয়ন ঋণখেলাপির দায়ে বাতিল করা হয়।

এই আসনে বিএনপির এ কে এম কামরুজ্জামান, জামায়াতের মো. আনোয়ার হোসেনসহ ৯ জন বৈধতা পেয়েছেন।বিকেলে দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ ও মো. আব্দুল্লাহর মনোনয়ন বাতিল হয়েছে। এখানে বিএনপির আবু জাফর মো. জাহিদ হোসেনসহ ৬ জন বৈধ প্রার্থী রয়েছেন।

অন্যান্য আসনের চিত্র:

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল): স্বতন্ত্র প্রার্থী মো. মনজুরুল হক চৌধুরীর ১ শতাংশ ভোটার স্বাক্ষরে গড়মিল থাকায় মনোনয়ন বাতিল হয়। বিএনপির মো. মনজুরুল ইসলাম ও জামায়াতের মো. মতিউর রহমানসহ ৬ জন বৈধ।

দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল): এখানে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। জমা দেওয়া ৯ জন প্রার্থীর সবাই বৈধতা পেয়েছেন।

দিনাজপুর-৩ (সদর): সিপিবি প্রার্থী অমৃত কুমার রায়ের দলীয় চিঠিতে ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল হয়। বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম ও জামায়াতের মো. মাইনুল আলমসহ ৮ জন বৈধ।

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর): এখানে ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন এবং সবার মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন।