রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

সীতাকুণ্ডে র‍্যাব ক্যাম্পে হামলা: মামলা, গ্রেপ্তার ৫

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৬, ২০২৬, ১১:৪৭ পিএম

সীতাকুণ্ডে র‍্যাব ক্যাম্পে হামলা: মামলা, গ্রেপ্তার ৫

সীতাকুণ্ডের পাহাড়ি এলাকা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও মহাসড়ক কাটার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সোহেল রানা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি করেন। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন—মনির হোসেন, বাকের হোসেন, সাইফুল কুদ্দুস, জামাল হোসেন ও দিদার হোসেন। তারা জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকার বাসিন্দা এবং স্থানীয় ইয়াছিন বাহিনীর অনুসারী বলে জানিয়েছে পুলিশ। 

রোববার গভীর রাতে ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়ার পাশাপাশি সন্ত্রাসীরা এক্সক্যাভেটর ব্যবহার করে জঙ্গল সলিমপুরের চারটি স্থানে রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

পুরোনো নিয়ন্ত্রণ ফিরে পেতেই এই হামলা চালিয়েছে সন্ত্রাসী ইয়াছিন বাহিনী।যৌথ বাহিনীর অভিযানে দীর্ঘদিন পর জঙ্গল সলিমপুর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে এসেছিল। তবে ইয়াছিন বাহিনী এলাকা ছেড়ে পালিয়ে গেলেও তাদের তৎপরতা পুরোপুরি বন্ধ হয়নি। 

জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, সন্ত্রাসীদের অবৈধ সাম্রাজ্য হাতছাড়া হওয়ায় তারা নাশকতার চেষ্টা করছে। জড়িতদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।গ্রেপ্তারকৃত পাঁচজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।