বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

মাদক আইনে ২ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আতিউর রহমান

ডিসেম্বর ৫, ২০২৫, ০৮:৪১ পিএম

মাদক আইনে ২ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরলে চোলাইমদ পান করে মাতলামি করার সময় স্থানীয় জনতা দুই মাদকসেবীকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক দণ্ডাদেশ প্রদান করে তাদের থানা পুলিশের নিকট সোপর্দ করেন। দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর-২০২৫) সকালে বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের বিষ্ণুপুর লোহাডাঙ্গা গ্রামের মাজেদুর রহমান মাজু (৪৫) এবং বোচাগঞ্জ উপজেলার দিঘইর গ্রামের রেজাউল হক রাজা।

রাণীপুকুর ইউনিয়নের রঘুদেবপুর টিনপাড়া গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের চোলাইমদ উৎপাদনকারী টুটুর বাড়িতে আসে।

তারা চোলাইমদ পান করার একপর্যায়ে বাড়ির বাহিরে থাকা একটি খড়ের স্তুপে আগুন ধরিয়ে দেয়। প্রতিবেশীরা ঘটনাটি দেখতে পেয়ে তাদের হাতেনাতে আটক করে।সংবাদ পেয়ে বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ ঘটনাস্থলে পৌঁছান। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৯/১(গ) ধারা লঙ্ঘনের দায়ে আটককৃত দুই মাদকসেবীকে ৩৬ এর ৫ ধারা অনুযায়ী ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন।

এ সময় থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, ওসি (তদন্ত) আনিছুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত দণ্ডাদেশ প্রাপ্ত দুই মাদকসেবীকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর।

উল্লেখ্য, এর আগে ২৯ নভেম্বর-২০২৫ শনিবার রাত আনুমানিক ১১টায় রঘুদেবপুর (টিনপাড়া) গ্রামের লড়েনস মিঞ্জের ছেলে কর্নেলুস মিঞ্জি (৫৫)-এর ৪ বিঘা জমির ধান (আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা প্রায়), গণেশ লাকড়ার ছেলে কাজল লাকড়া (২৬)-এর ১ বিঘা খড়ের স্তুপ (আনুমানিক মূল্য ৭ হাজার টাকা প্রায়) এবং পরেশ এক্কার স্ত্রী দুলালী পান্না (৩৫)-এর দশ কাঠা জমির ধান (মূল্য ৩০ হাজার টাকা প্রায়) কে বা কাহারা আগুন ধরিয়ে ক্ষয়ক্ষতি করে। তখন থেকে আগুনের সূত্রপাত উদঘাটনে গ্রামবাসী তৎপরতা শুরু করেছিল।