রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

মাহামুদ হাসান বাবু

নভেম্বর ২০, ২০২৫, ০৫:৪৮ পিএম

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

ছবি-দিনাজপুর টিভি

ফুলবাড়ীতে নেসকো (NESCO) কর্তৃক প্রিপেইড মিটার সংযোগের মাধ্যমে অতিরিক্ত ব্যয় ও গ্রাহক হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা। তারা অবিলম্বে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ ও বাতিলের দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক মো. হামিদুল হক।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, নেসকো ফুলবাড়ীতে প্রিপেইড মিটার এনে বিদ্যুৎ গ্রাহকদের হয়রানি শুরু করেছে।

বিদ্যুৎ গ্রাহকদের সম্মতি ছাড়া কারও কারও আবাসিক এবং বাণিজ্যিক পোস্টপেইড মিটার খুলে প্রিপেইড মিটার সংযোগ দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, নেসকো কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকদের নিজ টাকায় কেনা সচল পোস্টপেইড মিটার খুলে নিয়ে গেছে।এছাড়া কিছু গ্রাহকের অনিচ্ছা সত্ত্বেও নেসকো প্রিপেইড মিটার সংযোগ দিয়ে মিটার ভাড়া (৪০ টাকা থেকে ২৫০ টাকা), ডিমান্ড চার্জ ও অন্যান্য চার্জ কেটে নিচ্ছে, যা গ্রাহকের সাথে প্রতারণার শামিল।

বক্তারা অভিযোগ করেন, নেসকো ডিমান্ড চার্জ, ভূতুড়ে চার্জ ইচ্ছামাফিক সফটওয়্যারে যোগ করার জন্য এমন বিতর্কিত প্রিপেইড মিটার বাজারে এনেছে। তারা এই মিটার ক্রয় এবং বিতরণে সীমাহীন লুটপাটের অভিযোগও তোলেন।

সম্মিলিত নাগরিক সমাজের দাবি সমূহ:

নেতৃবৃন্দ প্রিপেইড মিটার বন্ধ ও বাতিলের পাশাপাশি বেশ কিছু দাবি তুলে ধরেন:

নভেম্বরের মধ্যে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ ও বাতিলের ঘোষণা দিতে হবে।

যেসব গ্রাহকের অসম্মতিতে, জোরপূর্বক এবং অনুপস্থিতিতে প্রিপেইড মিটারের সংযোগ দেওয়া হয়েছে, তা পরিবর্তন করে পোস্টপেইড মিটার ফেরত এবং সংযোগ পুনরায় দিতে হবে।

নতুন সংযোগে প্রিপেইড মিটার নিতে গ্রাহকদের যেন আর বাধ্য করা না হয়।

ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, পি.এফ চার্জসহ অন্যান্য অতিরিক্ত চার্জ বন্ধ করতে হবে।

পোস্টপেইড মিটার সচল থাকার পরেও প্রিপেইড মিটার লাগিয়ে যেসব গ্রাহকের কাছ থেকে মিটার ভাড়া নেওয়া হয়েছে, তা ফেরত দিতে হবে।

পড়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটি ও ত্রুটিপূর্ণ ঝুলন্ত পুরাতন তার সংস্কার করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে কিংবা সংযোগে ত্রুটি হলে তা সমাধানে নেসকোকে মই ও ভ্যান ভাড়া বাবদ অর্থ সরকারি রশিদ ছাড়া আদায় বন্ধ করতে হবে।

এনার্জি রেট/চার্জ ৩০০ ইউনিট পর্যন্ত সর্বনিম্ন এক রেটে অভিন্ন ধাপে বিদ্যুৎ বিল করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদক সঞ্জিত প্রসাদ জিতু, ইমরান চৌধুরী নিশাদ, হিমেল মণ্ডল, আব্দুল জব্বার মাসুদ, ফুলবাড়ী ব্যবসায়ী সাখাওয়াত হোসেন, আরমান হোসেন রোমান, মাহমুদ হাসান, বদরুজ্জামান বাদল, নজরুল ইসলাম, ফারুক আহমেদ, শাহিন আলম, মমিনুল ইসলাম, মো. আলিউল্লাহ প্রমুখ।