ডিসেম্বর ২০, ২০২৫, ০৮:৪৭ পিএম
দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. আসলামের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ২০-২৫টি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত একদল যুবক এই হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা প্রথমে খালিদ মাহমুদ চৌধুরীর বাড়িতে এবং পরে সাবেক মেয়র আসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে প্রায় ৪০ মিনিট পর পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দুটি বাড়ির আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল ভস্মীভূত হয়ে গেছে।
এছাড়া সাবেক মেয়র আব্দুস সবুরের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হলেও স্থানীয়রা তা নিভিয়ে ফেলে এবং এক যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর চালানো হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।স্থানীয়দের ধারণা, সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে খালিদ মাহমুদ চৌধুরীর একটি বিতর্কিত ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার জেরে এই হামলা ঘটে থাকতে পারে। ঘটনার পর বোচাগঞ্জ উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান মিজান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন