শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

পার্বতীপুরে শীত উপেক্ষা করে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:০৫ পিএম

পার্বতীপুরে শীত উপেক্ষা করে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

তীব্র শৈত্যপ্রবাহ আর হাড়কাঁপানো শীত উপেক্ষা করে দিনাজপুরের পার্বতীপুরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের ব্যবস্থাপনায় কয়েক শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

দিনাজপুর জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালনা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমান।

বিতরণকালে তিনি উপস্থিত শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলে দেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিতরণ শেষে প্রকৌশলী মো. আনিছুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন এবং দাপ্তরিক বিভিন্ন বিষয়ে স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি শীত মৌসুমে এ পর্যন্ত পার্বতীপুর উপজেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট আড়াই হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে। তীব্র শীতের এই প্রকোপ চলাকালীন পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।