বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

কাহারোলে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

মো. আরিফ ইসলাম

জানুয়ারি ৫, ২০২৬, ০৮:০৩ পিএম

কাহারোলে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের কাহারোলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে কাহারোল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মরহুম নাসিরুদ্দিন চেয়ারম্যানের চাতাল প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এবং দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. মনজুরুল ইসলাম মঞ্জু।

তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী এবং জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান সুমন। এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাদেকুল ইসলাম সাদেক ও মহিলা দলের সভানেত্রী শামীমা পারভীন রনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং দলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।