বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশাল দোয়া মাহফিল

আতিউর রহমান

জানুয়ারি ৫, ২০২৬, ০৯:০৩ পিএম

বিরলে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশাল দোয়া মাহফিল

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরের বিরলে বিশাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

তিনি বলেন, "বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তাঁর আদর্শকে পাথেয় করেই আমরা মানুষের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছি।

উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন এবং উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা এবং পৌর ওলামাদলের আহ্বায়ক হাফেজ মাওলানা ফেরদৌস আলমসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ফেরদৌস আলম। মোনাজাতে দেশ ও জাতির শান্তি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল মরহুম নেতাকর্মীর আত্মার শান্তি কামনা করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মিজানুর রহমান মিলন ও প্রচার সম্পাদক এম আক্কাস।