মো: মামুনুর রশিদ
জানুয়ারি ১৫, ২০২৬, ১১:২৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দিনাজপুরের বোচাগঞ্জে শোকসভা ও গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ১নং নাফানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও তরুণ জননেতা আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
তিনি তাঁর বক্তব্যে বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের আপসহীন গণতন্ত্রের প্রতীক। তাঁর অভাব পূরণ হবার নয়। আমরা তাঁর প্রদর্শিত পথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাব।
নাফানগর ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই সভায় বক্তারা বেগম জিয়ার রাজনৈতিক জীবন ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শোকসভা শেষে দেশনেত্রীর রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।অনুষ্ঠানে নাফানগর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।