রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

দানাজপুর সীমান্তে বিজিবি-বিএসএফ এর বৈঠক

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ১৫, ২০২৬, ১১:৩৫ পিএম

দানাজপুর সীমান্তে বিজিবি-বিএসএফ এর বৈঠক

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দানাজপুর এলাকায় বিজিবি ও বিএসএফ-এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) আহ্বানে সীমান্ত পিলার ৩৪০/৩-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ৪২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এবং ভারতের ৬৩ ব্যাটালিয়ন বিএসএফ-এর কমান্ড্যান্ট শ্রী অরুন কুমার নিজ নিজ বাহিনীর নেতৃত্ব দেন। 

বৈঠকে বিজিবি’র পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের জোরপূর্বক পুশ-ইন না করে আইনি প্রক্রিয়ায় হস্তান্তরের দাবি জানানো হয়। এছাড়া যেকোনো পরিস্থিতিতে সীমান্তে মরণাস্ত্রের ব্যবহার থেকে বিরত থাকতে বিএসএফ-কে দৃঢ়ভাবে আহ্বান জানানো হয়।

৪২ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে মাদক পাচার রোধ, অবৈধ সীমান্ত অতিক্রম এবং নিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষ নিয়মিত তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

 

সীমান্তে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্ব প্রদর্শনের অঙ্গীকার ব্যক্ত করেন উভয় দেশের কমান্ডাররা।বৈঠকে উভয় বাহিনীর স্টাফ অফিসার এবং কোম্পানি ও বিওপি কমান্ডারগণ উপস্থিত ছিলেন। এ ধরনের নিয়মিত যোগাযোগ সীমান্ত অপরাধ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বিজিবি।