রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

এ বিজয় আমার নয়, সকলের: এমপি মনজুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৮:৩৫ পিএম

এ বিজয় আমার নয়, সকলের: এমপি মনজুরুল ইসলাম

শুভেচ্ছা বিনিময়ে এমপি মনজুরুল।ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর-১ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেছেন, এই বিজয় শুধু তার ব্যক্তিগত নয়, বরং বীরগঞ্জ ও কাহারোল উপজেলার সর্বস্তরের মানুষের সম্মিলিত বিজয়। গত শনিবার কাহারোল উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং রামচন্দ্রপুর মহাশ্মশান ঘাটে আয়োজিত মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এজন্য নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। 

তিনি আরও উল্লেখ করেন যে, জনগণের পূর্ণ সহযোগিতা পেলে এলাকার উন্নয়নে কোনো প্রকার কৃপণতা করা হবে না। বীরগঞ্জ ও কাহারোল উপজেলাকে দেশবাসীর কাছে উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে গড়ে তুলতে তিনি সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের মহাশ্মশান ঘাটে অনুষ্ঠিত ধর্মীয় সভায় যোগ দেওয়ার আগে এমপি মনজুরুল ইসলাম বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে তার সাথে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আলী এবং উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. শামীমা পারভীন রনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. আবুল হোসেন রাজা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মতিউর রহমান, ছাত্রবিষয়ক সম্পাদক মো. জুয়েল রানা, রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনারুল ইসলাম এবং সংসদ সদস্যের ছোট ভাই সাবেক প্রভাষক মো. শহিদুল ইসলামসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেন।