ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৫:৫৯ পিএম
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে অভিযান চালিয়ে ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২টার দিকে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
জেলহাজতে প্রেরিত ব্যক্তিরা হলেন— বাসুপাড়া এলাকার মৃত জহির হোসেনের ছেলে আকতার হোসেন, দক্ষিণ পাড়ার ফজলুল হকের ছেলে সাজ্জাদ হোসেন, কৈবর্তপাড়ার মৃত হলসরকারের ছেলে গৌরাঙ্গ রায়, সরকার পাড়ার আবুবকর সরকারের ছেলে মোজাম্মেল হক এবং হোসেন আলীর ছেলে বাবলু।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকা দলীয় কার্যালয়টি খোলার উদ্যোগ নিলে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়।পার্বতীপুর মডেল থানা কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে নতুন বাজারসহ সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি জোরদার করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন