সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,

বাবার আদর পাওয়ার আগেই এতিম হলো ৭ মাসের আলেয়া

ফাহিম হোসেন রিজু

ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১১:১৪ এএম

বাবার আদর পাওয়ার আগেই এতিম হলো ৭ মাসের আলেয়া

বাবার ছবির পাশে অবুঝ আলেয়া :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মো. রাব্বি নামের এক যুবকের মৃত্যুতে একটি পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। শুক্রবার জুমার নামাজের ঠিক আগে বিরামপুর টিএন্ডটি অফিসের সামনে একটি দ্রুতগামী ট্রাক কেড়ে নেয় রাব্বির প্রাণ। এই মর্মান্তিক দুর্ঘটনায় সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছে নিহত রাব্বির সাত মাস বয়সী শিশুকন্যা ইশরাত জাহান আলেয়া। 

যে বয়সে বাবার আঙুল ধরে হাঁটা শেখার কথা, সেই বয়সেই শিশুটি তার মাথার ওপরের ছায়া হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।নিহত রাব্বি (৩৪) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের তহিদুল ইসলামের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে রাব্বি ও তার বন্ধু সজিব মোটরসাইকেলে করে বাড়ির পথে ফিরছিলেন। পথে বিরামপুর টিএন্ডটি অফিসের সামনে পৌঁছালে একটি বেপরোয়া গতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়। রাব্বির অকাল মৃত্যুতে পুরো শালিকাদহ গ্রামজুড়ে এখন শোকের মাতম চলছে।

শনিবার শালিকাদহ গ্রামে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। অথচ অবুঝ শিশু আলেয়া তখনো জানে না তার বাবা আর কোনোদিন ফিরে আসবে না। বাবার স্নেহের স্পর্শ পাওয়ার আগেই এতিম হওয়া এই শিশুটির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্বজন ও এলাকাবাসী। পরিবারের সদস্যরা জানান, রাব্বি তার মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন বুনতেন। কিন্তু একটি দুর্ঘটনা সেই সব স্বপ্নে চিরতরে জল ঢেলে দিল।

রাব্বি ও তার বন্ধুর এই অকাল মৃত্যুতে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘাতক ট্রাকচালককে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিরাপদ সড়কের দাবিতে সাধারণ মানুষ যখন সোচ্চার, তখন আলেয়ার মতো শিশুদের এই নিঃস্ব হওয়ার গল্পগুলো সমাজের জন্য কেবল দীর্ঘশ্বাসই বাড়িয়ে দিচ্ছে। নিহত রাব্বির মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।