ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৮:০২ পিএম
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকনের মালিকানাধীন ইফতি ফ্লাওয়ার মিল ফ্যাক্টরিতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ভিমলপুর মোড় এলাকায় অবস্থিত এই মিলে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তারা মিলের নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে রেখে ব্যাপক তাণ্ডব ও লুটপাট চালায়। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় ব্যবসায়ী ও জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ফ্যাক্টরি সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা মিলের ট্রান্সফরমারের তার কেটে মূল্যবান তামা ও তেল বের করে নিয়ে যায়। এছাড়া অফিস কক্ষের ভেতর প্রবেশ করে বিভিন্ন মালামাল লুট করার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও কাগজপত্র চুরি করে নিয়ে গেছে।
ইফতি ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন দাবি করেন, এটি কেবল সাধারণ কোনো চুরির ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত নাশকতামূলক ঘটনা। তিনি বলেন, সাধারণত চোররা মূল্যবান জিনিসপত্র বা নগদ টাকার দিকে নজর দেয়, কিন্তু এই ক্ষেত্রে তারা ট্রান্সফরমারের যন্ত্রাংশের পাশাপাশি অফিসের নথিপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।
চোর কেন মূল্যবান অনেক মালামাল ফেলে রেখে কেবল কাগজপত্র নেবে, এটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন।খবর পেয়ে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর ইসলাম এবং ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মীদের সাথে কথা বলে ঘটনার আদ্যোপান্ত জানার চেষ্টা করেন। পুলিশ জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটনে সব ধরনের আলামত সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, চুরির খবর পাওয়া মাত্রই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন