রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে বায়তুল হামদ জামে মসজিদের শুভ উদ্বোধন

আতিউর রহমান

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৭:১৭ পিএম

বিরলে বায়তুল হামদ জামে মসজিদের শুভ উদ্বোধন

বায়তুল হামদ মসজিদ উদ্বোধন :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলায় অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নবনির্মিত বায়তুল হামদ জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ২ নম্বর ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা গ্রামে নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন পরিচালিত আল-জামি‍‍`আহ আস-সালাফিয়্যাহ প্রাঙ্গণে এই মসজিদের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন এবং জুম‍‍`আর খুৎবা প্রদান করেন আদ-দাওয়াহ ইলল্লাহ-এর পরিচালক আব্দুর রহিম বিন আব্দুর রাযযাক।

জুম‍‍`আর খুৎবা প্রদানকালে আব্দুর রহিম বিন আব্দুর রাযযাক আসন্ন পবিত্র রমজান মাসের অপরিসীম ফজিলত এবং গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ (সা.)-এর প্রদর্শিত সুন্নাহর পথে জীবন পরিচালনার বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন। 

এছাড়া তিনি একটি আদর্শ সমাজ গঠনে মসজিদের ভূমিকা এবং দ্বীনি জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর এই জ্ঞানগর্ভ আলোচনা শুনতে বিরল উপজেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ সকাল থেকেই তেঘরা গ্রামে সমবেত হতে থাকেন।মসজিদ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই জমায়েতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। খুৎবা শেষে প্রধান অতিথির ইমামতিতে উপস্থিত কয়েক হাজার মুসল্লি একত্রে জুম‍‍`আর নামাজ আদায় করেন। 

নামাজের পর দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই কমপ্লেক্সটি এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিরল উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ মানুষ এই নতুন মসজিদের উদ্বোধন ও খুৎবায় অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।