বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা শিবির ও ইফতার

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৩, ২০২৬, ০৮:০১ পিএম

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা শিবির ও ইফতার

অনুষ্ঠানে অতিথিবৃন্দ

দিনাজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর শাখার উদ্যোগে শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ মার্চ বিকেলে শহরের পাহাড়পুরস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির মাওলানা মো. সিরাজুর সালেহীন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকার কথা উল্লেখ করে শ্রমিকের ন্যায্য পাওনা ও আদর্শিক জ্ঞানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন ইসলাম শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধের নির্দেশ দিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। তিনি শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে নিজেদের মধ্যে সুদৃঢ় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। 

এছাড়া অনুষ্ঠানে সমকালীন প্রেক্ষাপটে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন সচেতনতা ও চারিত্রিক গুণাবলি অর্জনের গুরুত্ব নিয়ে মূল আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার ট্রেড বিষয়ক সম্পাদক মো. নাজমুল ইসলাম। তিনি কর্মক্ষেত্রে শ্রমিকদের পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি আদর্শিক জ্ঞানে বলীয়ান হওয়ার আহ্বান জানান।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার সভাপতি মো. রাশেদুল ইসলাম রিপনের সভাপতিত্বে পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়। 

সভায় বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং ব্যক্তিগত জীবনে তাকওয়া অর্জনের মাধ্যমে উন্নত সমাজ গঠনের ওপর বিশেষ আলোকপাত করেন। আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা শেষে আমন্ত্রিত অতিথি ও সাধারণ শ্রমিকরা একত্রে ইফতার সম্পন্ন করেন। দিনাজপুরের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীবৃন্দ এই শিক্ষা শিবিরে অংশগ্রহণ করেন।