সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

বিরামপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৩, ২০২৬, ১১:১৩ পিএম

বিরামপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

মানব পাচার বিরোধী সভা

দিনাজপুরের বিরামপুরে ল্যাম্ব, সিএইচডিপি ও কমিউনিটি সেফটি শিল্ড (সিএস টু) প্রকল্পের আয়োজনে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মানব পাচার রোধে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি তাহ্‌মিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, "মানব পাচার একটি জঘন্য অপরাধ। এটি প্রতিরোধে এখন থেকে প্রতি মাসে নিয়মিত কমিটির সভা করা হবে। 

প্রতিটি ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলোকে সক্রিয় করে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে। সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টায় আমরা বিরামপুর থেকে মানব পাচার নির্মূল করতে সক্ষম হব।"

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল আউয়াল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, ওসি (তদন্ত) আতাউর রহমান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ। এছাড়াও বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারের সভাপতি মোরশেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মাহমুদুল হক মানিক, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী এবং কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সিএস টু প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিরঞ্জন বর্মন মাল্টিমিডিয়ার মাধ্যমে বিশ্বব্যাপী এবং বাংলাদেশের বর্তমান মানব পাচার পরিস্থিতির চিত্র তুলে ধরেন। তিনি জানান, অপরাধ জগতের দ্বিতীয় বৃহত্তম লাভজনক খাত হলো মানব পাচার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদন অনুযায়ী মানব পাচার রোধে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং প্রতি বছর এদেশ থেকে প্রায় ৬ হাজার ২০০ মানুষ পাচারের শিকার হচ্ছেন। তিনি উন্নত জীবনের আশায় অবৈধ পথে বিদেশ না গিয়ে সঠিক পদ্ধতিতে নিবন্ধন করে সরকারিভাবে বিদেশ যাওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে ল্যাম্বের প্রকল্প ব্যবস্থাপক বিলাশ পৌল তিগ্যা এবং টেকনিক্যাল অফিসার রতন দাস উপস্থিত ছিলেন।