বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও সভা

মো: মামুনুর রশিদ

এপ্রিল ২৩, ২০২৬, ০৯:৩৭ পিএম

দিনাজপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও সভা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ২৩ এপ্রিল সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই কর্মসূচির সূচনা হয়। 

২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জেলাজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এই সপ্তাহ পালন করা হবে।দিবসটি উপলক্ষে সকালে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম। পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনের জন্য সঠিক পুষ্টির কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টির বিষয়ে পরিবারগুলোকে আরও সচেতন হতে হবে। জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সঠিক খাদ্যাভ্যাসের বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।সভায় অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন। 

এছাড়াও জেলা মৎস্য কর্মকর্তা মো. তারিফুর রহমান সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম এবং জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম নাজমুল হুদা পুষ্টির নানাবিধ দিক নিয়ে আলোচনা করেন।সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শুভ রায় এবং অনুষ্ঠান উপস্থাপক ডা. হোসেন মো. নাহিদ পুষ্টি সপ্তাহের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভার পূর্বে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। 

র‍্যালিটি হাসপাতালের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সম্মেলন কক্ষে এসে শেষ হয়। জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবীরা এই কর্মসূচিতে অংশ নেন।সপ্তাহব্যাপী এই আয়োজনে দিনাজপুরের বিভিন্ন উপজেলা পর্যায়েও পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান এবং প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ আশা করছে, এই কর্মসূচির মাধ্যমে প্রান্তিক মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি পাবে।