মে ১৮, ২০২৬, ০৩:৫৩ পিএম
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ পশুর হাটে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা।সোমবার (১৮ মে) সকালে উপজেলার নিজপাড়া ইউনিয়নের গোলাপগঞ্জ হাটে গিয়ে দেখা যায়, ছোট-বড় গরু, ষাঁড় ও মহিষ নিয়ে হাটে এসেছেন বিভিন্ন এলাকার খামারি ও ব্যবসায়ীরা।
ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে হাটজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। হাটে আসা ক্রেতা মো. সৈকত ইসলাম জানান, সকালে গরু কিনতে গোলাপগঞ্জ হাটে এসেছি। এখন পর্যন্ত কোনো গরু পছন্দ করতে পারিনি। দেখি যদি ভালো কোনো কোরবানির গরু পছন্দ হয়, তাহলে কিনে নিয়ে যাব।
বীরগঞ্জ থেকে আসা অপর এক ক্রেতা মাহাবুবুর রহমান আঙ্গুর জানান, অনেক দেখার পর একটি গরু পছন্দ করেছি। কোরবানির জন্য ৮৫ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছি।
তিনি বলেন, গরু, ষাঁড় ও মহিষের দাম পশুর গুণাগুণ বুঝে নির্ধারণ করা হচ্ছে। তবে ভালো ও স্বাস্থ্যবান গরুর দাম তুলনামূলক বেশি। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আইয়ুব ইসলাম জানান, গোলাপগঞ্জ হাটে আসা বেশিরভাগ ক্রেতাই মাঝারি সাইজের গরু বেশি পছন্দ করছেন।
দাম তুলনামূলক সহনীয় হওয়ায় এসব গরুর চাহিদাও বেশি। হাট ঘুরে দেখা যায়, কয়েকটি বড় আকৃতির গরুর দাম লাখ টাকার ওপরে হাঁকা হচ্ছে। তবুও দরদাম করে ক্রেতারা তাদের পছন্দের পশু কিনছেন। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে গোলাপগঞ্জ পশুর হাট।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন