রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আব্দুর রাজ্জাক

জুলাই ৪, ২০২৬, ০৫:৩৬ পিএম

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ছবি : দিনাজপুর টিভি

দিনাজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উদ্যোগে ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শিশু একাডেমী দিনাজপুর জেলা কার্যালয়ের হলরুমে এই সম্মেলন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।শ্রমিক অধিকার আদায় ও বৈষম্য নিরসনই ছিল এই সম্মেলনের মূল লক্ষ্য।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের ইতিহাসে শ্রমিক শ্রেণি সর্বদা অর্থনৈতিক সচল রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছে। অথচ স্বাধীনতার মূল চেতনা সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক সমতা শ্রমিকদের জীবনে আজও পুরোপুরি প্রতিফলিত হয়নি। তিনি আদর্শ ট্রেড ইউনিয়ন গঠনের লক্ষ্যে রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে মুক্তি, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের সমন্বয়, জীবনযাত্রার ব্যয়ের সাথে সংগতিপূর্ণ মজুরি এবং শ্রম আইনের কঠোর বাস্তবায়নের ওপর জোর দেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. জাকিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক ড. জিয়াউল হক, রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক আবুল হাসেম বাদল ও জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রতিনিধি অংশ নেন। বক্তারা বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের অঙ্গীকার ব্যক্ত করেন এবং শ্রমিকদের আইনি ও মানবিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।