জুলাই ২০, ২০২৬, ১১:০০ পিএম
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজকে ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ থেকে আর্থিক সহায়তার বরাদ্দকৃত ৫০ লাখ টাকার চেক দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান `দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ`-কে গতকাল সোমবার হস্তান্তর করেছেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ শেখ সাদেক আলী।
চেক গ্রহণ করেন কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বোর্ডের সদস্য ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন গভর্নিং বোর্ডের সদস্য ও জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের মো. বদরুদ্দোজা, গভর্নিং বোর্ডের সদস্য ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. জিয়াউল হক জিয়া।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব আলাউদ্দিন আলী স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের টিচিং ইকুইপমেন্ট ক্রয়ের জন্য এ আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ জানান, এই অর্থ বরাদ্দ দেওয়ায় আমাদের এই প্রতিষ্ঠানের টিচিং ইকুইপমেন্টের সংকট নিরসন হলো এবং ছাত্র-ছাত্রীরা এর উপকার ভোগ করবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন