জুলাই ২১, ২০২৬, ০৫:২৬ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ডাম্পিং কম্পোস্টিং স্টেশন আনুষ্ঠানিকভাবে পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বীরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।প্রকল্পটি বর্জ্য ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষে সহকারী প্রকৌশলী সবুর হোসেন মণ্ডল বীরগঞ্জ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মনের কাছে স্টেশনটির চাবি ও কাগজপত্র হস্তান্তর করেন।
২০২২ সালে সরকারি ও দাতা সংস্থার যৌথ প্রকল্পের আওতায় বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুজালপুর ইউনিয়নের চাকাই মৌজার কেন্না কান্দর এলাকায় এই ডাম্পিং কম্পোস্টিং স্টেশন নির্মাণের কাজ শুরু হয়েছিল। পৌর শহরের ময়লা-আবর্জনা সঠিকভাবে প্রসেস করে পরিবেশবান্ধব উপায়ে ব্যবস্থাপনার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর আগে অতিথিরা ডাম্পিং কম্পোস্টিং স্টেশনটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এর মাধ্যমে বীরগঞ্জ পৌর এলাকার বর্জ্য অপসারণ ও পরিবেশ রক্ষা কার্যক্রমে দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন