জুলাই ২৪, ২০২৬, ০৫:৪৬ পিএম
দিনাজপুরের নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে একটি বাগানের প্রায় তিন শ গাছ কেটে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে।এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।উপজেলার দুই নম্বর বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামে এই ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে চলা নানা বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত ব্যক্তি হিসেবে স্থানীয় ইউপি সদস্য দুলাল মেম্বারের জড়িত থাকার কথা বলা হয়েছে।
বাগান মালিক মাজেদ জানান, রাতের অন্ধকারে গোপনে তার বাগানের মূল্যবান গাছগুলো কেটে ফেলা হয়েছে। এই আকস্মিক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তিনি দ্রুত এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে নবাবগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থলের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং আলামত সংগ্রহ করেন। স্থানীয় সাধারণ মানুষ জানিয়েছেন, একসাথে এত বিপুল সংখ্যক গাছ কেটে ফেলার মতো ঘটনা অত্যন্ত অমানবিক ও দুঃখজনক।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন