মার্চ ৭, ২০২৬, ১০:৪৬ পিএম
দিনাজপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক সাম্যমৈত্রী পত্রিকার সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের ফরিদপুর গোরস্থান মোড় সংলগ্ন ইয়াহহিয়াহ চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহফিলে সাম্যমৈত্রী পত্রিকার বিভিন্ন উপজেলার প্রতিনিধি ও স্টাফ রিপোর্টাররা অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক কাশী কুমার দাস এবং সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মো. মোফচ্ছিলুল মাজেদ।
এছাড়াও সাপ্তাহিক সাম্যমৈত্রী পত্রিকার নির্বাহী সম্পাদক মুকিদ হায়দার শিপনসহ সংবাদপত্রের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।কাশী কুমার দাস তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং তাদের কলমের মাধ্যমেই সমাজের প্রকৃত সত্য প্রকাশিত হয়। সাম্যমৈত্রী পত্রিকা বর্তমানে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের মানুষের কথা তুলে ধরছে।
এই ধরনের ইফতার মাহফিল সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাদার ঐক্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মো. মোফচ্ছিলুল মাজেদ বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা যেখানে সততা, সাহস ও নিরপেক্ষতাই সবচেয়ে বড় শক্তি। সাম্যমৈত্রী পত্রিকার কর্মীরা সবসময় মানুষের পাশে থেকে কাজ করছেন। আগামীতেও তারা সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাহী সম্পাদক মুকিদ হায়দার শিপন তার বক্তব্যে সাংবাদিকদের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, পাঠকদের আস্থা অর্জনের লক্ষ্যে সাম্যমৈত্রী পত্রিকা সবসময় সচেষ্ট থাকে এবং সাংবাদিকদের সহযোগিতা ছাড়া কোনো গণমাধ্যম এগিয়ে যেতে পারে না। অনুষ্ঠানে উপস্থিত স্টাফ রিপোর্টাররা এই আয়োজনের মাধ্যমে নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। সমাজের সত্য তুলে ধরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন