এপ্রিল ২৮, ২০২৬, ০৯:৩৬ এএম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। বিশ্ববাজার এবং স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের দাম কমে যাওয়ায় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা হ্রাস করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবশেষ গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। আজ মঙ্গলবারও বাজারে একই মূল্যে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে।নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা।
এছাড়া ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বিক্রি হচ্ছে।স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা।
এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।বাজুসের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৪ বার কমানো হয়েছে। একই সময়ে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৫ বার।
এর আগে গত ১৫ এপ্রিল স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে বড় অঙ্কের দাম কমানোর এই সিদ্ধান্তে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। মূলত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন