বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ল

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ০৯:৫৮ এএম

বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ল

বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি।

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ায় এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। মঙ্গলবার সকালে তেলের বাজারে টানা সপ্তম দিনের মতো দাম বাড়ার রেকর্ড সৃষ্টি হয়েছে।আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫১ মিনিটে জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৪৫ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়েছে। 

এতে প্রতি ব্যারেল তেলের দাম ১০৮.৬৮ ডলারে পৌঁছেছে। এর আগের সেশনেও তেলের দাম ২.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯৬.৯৬ ডলারে দাঁড়িয়েছে। 

জুন মাসে ডেলিভারির জন্য এই তেলের দাম ৫৮ সেন্ট বা ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের ট্রেডিং সেশনে ডব্লিউটিআই ক্রুডের দাম ২.১ শতাংশ বেড়েছিল।ইরানের সঙ্গে চলমান সমঝোতা নিয়ে হোয়াইট হাউস তাদের অবস্থান পরিষ্কার করেছে। 

সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস জানান, যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের মধ্য দিয়ে কোনো দরকষাকষি করবে না। তিনি বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর কূটনৈতিক বিষয় হিসেবে অভিহিত করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এ বিষয়ে অত্যন্ত সুনির্দিষ্ট। হোয়াইট হাউস জানিয়েছে, আমেরিকান জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এবং ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করেই কেবল কোনো চুক্তিতে পৌঁছাবে ওয়াশিংটন।