মে ৪, ২০২৬, ০৮:২৬ পিএম
বাংলাদেশে স্বর্ণের দাম ফের বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছে। সোমবার (৪ মে) নতুন এই দর অনুযায়ী বাজারে স্বর্ণ কেনাবেচা চলছে।এর আগে টানা চার দফা কমার পর এই দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায় বাজুস।
সংস্থাটির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
এর আগে একই দিনে অর্থাৎ বৃহস্পতিবার সকালে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। ওই সময় পর্যন্ত চার দফায় স্বর্ণের দাম মোট ৯ হাজার ৮৫৬ টাকা কমিয়েছিল বাজুস। তবে একই দিন সন্ধ্যায় পুনরায় দাম বাড়ানোর ঘোষণা আসে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের বা পাকা স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে। দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করা হয় বলে সংস্থাটি জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন