বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

নতুন পে-স্কেল: অর্থায়ন যেভাবে, জানাল অর্থ বিভাগ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৫, ১০:২৯ এএম

নতুন পে-স্কেল: অর্থায়ন যেভাবে, জানাল অর্থ বিভাগ

ছবি - সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য ৯০ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ সম্বলিত খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, এই নতুন বেতন স্কেল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই, অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই কার্যকর হতে পারে। তবে এই বিশাল বেতন বৃদ্ধি বাস্তবায়নে সরকারের ওপর যে বিপুল অর্থনৈতিক চাপ পড়বে, তা সামাল দেওয়ার বিষয়ে দুটি প্রধান উৎসের কথা জানিয়েছে অর্থ বিভাগ।

নতুন পে-স্কেল বাস্তবায়নে অর্থের সংস্থান নিয়ে পে-কমিশন কিছুটা উদ্বেগে ছিল এবং এ বিষয়ে অর্থ বিভাগের কাছে মতামত চেয়েছিল। জবাবে অর্থ বিভাগ জানিয়েছে, নতুন কাঠামোতে সরকারের ব্যয় বাড়লেও কর্মকর্তা-কর্মচারীদের আয় বাড়ার ফলে সরকারের রাজস্ব আদায়ও আনুপাতিক হারে বাড়বে। বাড়তি অর্থের সংস্থান নিশ্চিত করতে দুটি খাতকে প্রধান হিসেবে দেখা হচ্ছে।

প্রথমটি হলো আয়কর। অর্থ বিভাগের মতে, বর্তমান বেতন কাঠামোতে সর্বনিম্ন স্কেল হলো ৮ হাজার ২৫০ টাকা। নতুন কাঠামোতে এই সর্বনিম্ন বেতন স্কেল ১৬ হাজার টাকার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে, সর্বনিম্ন বেতন স্কেলের চাকরিজীবীরাও আয়করের আওতায় চলে আসবেন, যারা এতদিন আয়করের আওতামুক্ত ছিলেন। এই নতুন করদাতাদের কাছ থেকে সরকার বড় অঙ্কের আয়কর পাবে, যা বাড়তি বেতনের চাপ সামলাতে সহায়তা করবে। দ্বিতীয় উৎস হিসেবে সরকারি বাসাবাড়ির ভাড়াকে চিহ্নিত করা হয়েছে।

চাকরিজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ সরকারি আবাসনে বসবাস করেন। বেতন কাঠামো সমন্বয় বা বেতন বাড়ার ফলে সরকারি বাসাবাড়ির ভাড়ার হারও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। এই উৎস থেকেও সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে।২০১৫ সালের পর বিগত এক দশকে সরকারি চাকুরেদের বেতন-ভাতা আর বাড়ানো হয়নি। প্রতিবছর ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়া হলেও তা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ফলে জীবনযাত্রার মান বেড়ে যাওয়ায় সর্বনিম্ন বেতনধারীরা খুবই কষ্টে ছিলেন।

এ কারণেই নতুন পে-স্কেলের প্রয়োজনীয়তা অনস্বীকার্য হয়ে পড়ে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও সম্প্রতি নিশ্চিত করেছেন, নতুন বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তিনি জানান, চলতি (২০২৫-২৬) অর্থবছরের সংশোধিত বাজেটেই এর জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে, যা ডিসেম্বরে বাজেট সংশোধনীর সময় যুক্ত করা হবে।