ডিসেম্বর ২২, ২০২৫, ০৫:৩১ পিএম
দীর্ঘ নয় মাসেও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ আট দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় রংপুরে ক্লাস ও পরীক্ষা বর্জন করে মহাসড়ক অবরোধ করেছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। সোমবার সকালে তাজহাট কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন।
পরে তারা তাজহাট মোড়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা স্থায়ী এই ব্লকেড কর্মসূচির কারণে লালমনিরহাট ও কুড়িগ্রামের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়।বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা বিভিন্ন বৈষম্যবিরোধী স্লোগান দেন এবং তাদের ন্যায্য দাবি আদায়ের সপক্ষে বক্তব্য রাখেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান যে তারা মূলত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সন্তান। তাদের পক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চড়া মূল্যে উচ্চশিক্ষা গ্রহণ করা অসম্ভব। তাই তাদের জন্য একটি স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। ২০২৪ সালের জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া এই শিক্ষার্থীরা মনে করেন ৫ আগস্টের পর সরকার পরিবর্তনের পরও তাদের যৌক্তিক দাবিগুলো পরিকল্পিতভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে। গত ২১ এপ্রিল কৃষি উপদেষ্টার আশ্বাস সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ ও নিয়মিত নিয়োগ। এছাড়া তারা কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন থেকে বের করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে আলাদা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোতে ডিপ্লোমা কৃষিবিদদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি দ্রুততম সময়ের মধ্যে তাদের আট দফা দাবি মেনে নেওয়া না হয় তবে আন্দোলনের তীব্রতা আরও বাড়ানো হবে এবং প্রয়োজনে তারা সচিবালয় ঘেরাও কর্মসূচির মতো কঠোর পথে হাঁটবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন