রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

তরুণ প্রজন্মের মধ্যে হাদির মতো ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান: রাবি উপাচার্য

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ০৭:৪৫ পিএম

তরুণ প্রজন্মের মধ্যে হাদির মতো ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান: রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব বলেছেন, ৩২ বছর বয়সী শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন এমন এক ব্যক্তিত্ব যার পাশে দাঁড়ানোর মতো মানুষ বর্তমানে বাংলাদেশে বিরল। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসু আয়োজিত।

বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে পথপ্রদর্শক একজন হাদি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য উল্লেখ করেন যে হাদি তার স্বল্পকালীন জীবনে দেশের সকল স্তরের মানুষের যে ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন, তা সমসাময়িক ইতিহাসে নজিরবিহীন।

সেমিনারে ইনসাফ বা ন্যায়বিচারের সংজ্ঞা দিতে গিয়ে উপাচার্য বলেন, প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে সবার আগে নিজের প্রবৃত্তির সাথে লড়াই করতে হবে। ইনসাফ কেবল পরিচিতজন বা বন্ধুর উপকার করা নয়, বরং যে পরিস্থিতিতে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেখানেও মানুষের অধিকার রক্ষা করা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা নিজেদের হাদির অনুসারী দাবি করেন, তাদের অনেকের মধ্যেই বর্তমানে ইনসাফের অভাব দেখা যাচ্ছে। অনেকে দখলদারিত্ব ও ভাগবাটোয়ারার রাজনীতিতে জড়িয়ে পড়ছেন যা হাদির দর্শনের পরিপন্থী। তিনি বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে হাদির চারিত্রিক গুণাবলি ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম হাদিকে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, হাদি প্রচলিত দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে একটি ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার স্বপ্ন দেখতেন। ইতিহাস ও রাষ্ট্রচিন্তায় তার যে গভীর জ্ঞান ছিল, তা অনেক প্রবীণ রাজনীতিকের মধ্যেও দেখা যায় না। সেমিনারে সভাপতির বক্তব্যে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেন যে দেশে ভারতীয় আধিপত্যবাদ বা ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটানোর চেষ্টা করা হলে নতুন করে লক্ষ লক্ষ হাদি রাজপথে তৈরি হবে।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক এবং ছাত্র-উপদেষ্টাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তারা একমত হন যে হাদি কেবল একটি নাম নয়, বরং একটি জাগ্রত আদর্শ। তার অসমাপ্ত কাজ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বপ্নকে এগিয়ে নিতে হলে ছাত্র সমাজকে বুদ্ধিবৃত্তিক চর্চা ও নৈতিকতায় বলীয়ান হতে হবে। অনুষ্ঠানের শেষে শহীদ হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।