মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:৩১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও খ্যাতিমান কথাসাহিত্যিক ড. এ. কে. এম. মাসুদুল হক। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে শিক্ষা বোর্ডে পৌঁছালে তাঁকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বোর্ড চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম।
এ সময় শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোঃ আব্দুর রাজ্জাকসহ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামরুজ্জামান পাইকাড়, মোঃ জহুরুল হক।
উপ-সচিব মোঃ আব্দুস সালাম এবং বিদ্যালয় পরিদর্শক মোঃ আমিনুল হকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৯ নভেম্বরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই চৌকস কর্মকর্তাকে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ দেওয়া হয়। যোগদানের আগে তিনি দিনাজপুরের বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে চার বছরেরও বেশি সময় অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।উল্লেখ্য, ড. মাসুদুল হক কেবল একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তাই নন, বরং সাহিত্য ও গবেষণার জগতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তিত্ব।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করা এই গবেষকের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩০টি। তিনি ইংল্যান্ডের ‘দি পোয়েট’ পত্রিকা কর্তৃক ‘ইন্টারন্যাশনাল পোয়েট অব দি উইক’ এবং পর্তুগাল থেকে ‘গোল্ডেন শিল্ড’ সম্মাননাসহ দেশ-বিদেশের অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।শিক্ষা প্রশাসন ও সাহিত্যে সমানভাবে দীপ্ত ড. মাসুদুল হকের এই পদায়ন দিনাজপুর অঞ্চলের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট মহলের ব্যক্তিবর্গ।