সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাবি প্রশাসনিক ভবনে অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ০৭:৩১ পিএম

ঢাবি প্রশাসনিক ভবনে অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে

ঢাবিতে অভিযোগ বাক্স স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনিক ভবনে দুটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। 

এই উদ্যোগের ফলে সাধারণ শিক্ষার্থীরা এখন থেকে সরাসরি কর্তৃপক্ষের কাছে তাদের অভিযোগ ও পরামর্শ প্রদান করতে পারবেন যা দাপ্তরিক গতিশীলতা বাড়াতে সহায়তা করবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে শিক্ষার্থী সেবার মান উন্নত করা এবং সেবা কার্যক্রমকে একটি কাঠামোগত স্বচ্ছতার আওতায় আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনিক ভবনের দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই বাক্সগুলো বসানো হয়েছে। এর মধ্যে একটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে উপাচার্যের কার্যালয়ের প্রবেশ পথে এবং অন্যটি বসানো হয়েছে রেজিস্ট্রার অফিসের ঠিক সামনে। 

ফলে প্রশাসনিক কাজে আসা শিক্ষার্থীরা সহজেই তাদের মতামত বা সমস্যার কথা লিখে জমা দিতে পারবেন।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে প্রশাসনিক ভবন বা বিভিন্ন দপ্তরের সেবা কার্যক্রম সম্পর্কে যেকোনো ধরনের অভিযোগ, অনিয়ম কিংবা উন্নয়নের জন্য সুনির্দিষ্ট পরামর্শ এই বাক্সে জমা দেওয়া যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও অংশীজনদের এই সুযোগটি ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছে। মূলত দীর্ঘদিনের প্রশাসনিক দীর্ঘসূত্রতা ও ভোগান্তি কমিয়ে আনার লক্ষ্যেই উপাচার্য এই ডিজিটাল ও এনালগ ব্যবস্থার সমন্বয়ে স্বচ্ছতা ফেরানোর উদ্যোগ নিলেন।

সাধারণ শিক্ষার্থীরা এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন এর মাধ্যমে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের দূরুত্ব কমবে এবং কোনো দপ্তরে সেবা পেতে হয়রানির শিকার হলে তা সরাসরি কর্তৃপক্ষকে জানানোর একটি নির্ভরযোগ্য মাধ্যম তৈরি হলো। জমা পড়া অভিযোগগুলো নিয়মিত পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ওই বিজ্ঞপ্তিতে আশ্বাস দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা ও প্রশাসনিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।