জুলাই ৩, ২০২৬, ১০:১৬ পিএম
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষা উপবৃত্তি পেতে আগামী ১ আগস্ট থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে।সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। আগ্রহীরা ৩১ আগস্ট পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য এই আবেদন প্রক্রিয়া পরিচালিত হবে। এতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা-শ্রমিকদের জন্য ভাতা ও উপবৃত্তির আবেদনও গ্রহণ করা হবে। dss.bhata.gov.bd/online-application ঠিকানায় গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনকারীদের স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন করতে হবে এবং প্রতিবন্ধী ভাতার জন্য সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া নিজস্ব ব্যাংক হিসাব অথবা জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সচল মোবাইল নম্বর থাকতে হবে।
ইতোমধ্যে যারা অন্য কোনো সরকারি কর্মসূচির আওতায় সুবিধা পাচ্ছেন বা আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় আছেন, তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীরা ১ জুলাই ২০২৬ থেকে ভাতার সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন