আগস্ট ৩১, ২০২৬, ১০:২৬ পিএম
আগামী ২০২৭ সাল থেকে অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি ও দাখিল পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাধারণ শিক্ষাধারার এসএসসির বিষয় কোডের সঙ্গে মাদ্রাসা শিক্ষাধারার দাখিল স্তরের বিষয় কোড সমন্বয় করে নতুন কোড প্রকাশ করা হয়েছে। সোমবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে নতুন কোড প্রকাশের তথ্য জানানো হয়। বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সাল থেকেই এই নতুন বিষয় কোড কার্যকর করা হবে। এরই মধ্যে দাখিল স্তরের বিষয়গুলোর পুরোনো কোড ও নতুন কোড-সংবলিত বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এই নিয়ম কেবল নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য আগের বিষয় কোড বহাল থাকবে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০২৭ সালের দাখিল পরীক্ষা থেকে নিয়মিত পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পূরণ, তথ্য সংরক্ষণ ও প্রেরণ, প্রবেশপত্র, প্রশ্নপত্র, উত্তরপত্র প্রস্তুতকরণ এবং সনদপত্রসহ সব ধরনের কার্যক্রমে সংযুক্ত তালিকায় বর্ণিত নতুন কোড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে বোর্ড।
শিক্ষা ব্যবস্থার সমন্বয় ও মানোন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মাধ্যমে অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন প্রক্রিয়ায় আইনি ও প্রশাসনিক স্বচ্ছতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন