জুলাই ২১, ২০২৬, ১০:১৫ পিএম
সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলামের ঢাকা কনসার্ট চূড়ান্ত হয়েছে। আগামী ২৪ জুলাই রাজধানীর পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি মাঠে এই জমকালো মিউজিক শো অনুষ্ঠিত হবে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান কনসার্টটি সফলভাবে আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে।
নির্ধারিত তারিখ ও ভেনুতেই এই কনসার্ট অনুষ্ঠিত হবে।আয়োজকরা জানান, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ প্রশাসনসহ প্রয়োজনীয় সব সরকারি অনুমতি ও ছাড়পত্র ইতিমধ্যে হাতে পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলার আহ্বান জানিয়ে তারা বলেন, দর্শকদের নিরাপত্তার জন্য ভেনুতে তিন থেকে চারটি স্তরের কঠোর নিরাপত্তা বলয় রাখা হয়েছে।
এন্ট্রি গেটে নিবিড় চেকিং প্রক্রিয়া থাকায় যেকোনো ধরনের দীর্ঘ সারি এড়াতে দর্শকদের অনুষ্ঠানস্থলে একটু আগে পৌঁছানোর অনুরোধ জানানো হয়েছে।বহির্বিশ্বের মতো দেশের মাটিতেও এই শিল্পীর পরিবেশনা উপভোগ করতে হাজার হাজার দর্শক মুখিয়ে আছেন।
আবহাওয়া অনুকূলে থাকলে এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে নির্ধারিত তারিখেই এই কনসার্টের মূল পর্ব শুরু হবে। আয়োজকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হচ্ছে যে, সকল নিয়মকানুন মেনে একটি শৃঙ্খলাপূর্ণ ও জমজমাট পরিবেশের মধ্য দিয়ে ঢাকার এই কনসার্ট সফলভাবে সম্পন্ন হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন