সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,
অরিজিতের সংগীত সফর

অরিজিৎ সিংয়ের সংগীত সফরের ঘোষণা: ৯ রাজ্যে হবে কনসার্ট

বিনোদন ডেস্ক

অক্টোবর ৫, ২০২৬, ০৭:৩৭ পিএম

অরিজিৎ সিংয়ের সংগীত সফরের ঘোষণা: ৯ রাজ্যে হবে কনসার্ট

সংগীতভুবনে আনুষ্ঠানিক যাত্রার দুই দশক পূর্তি উপলক্ষে ভারতে এক বিশাল কনসার্ট ট্যুরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। সোমবার (৫ অক্টোবর) তিনি জানান, ভারতের ৯টি রাজ্যে মোট ৯টি সরাসরি কনসার্ট করবেন তিনি। প্লেব্যাক সংগীত থেকে অবসর গ্রহণের পর দেশটির উন্মুক্ত মঞ্চে এটিই হতে যাচ্ছে তার প্রথম সরাসরি পরিবেশনা। ২০০৫ সালে সংগীতে আনুষ্ঠানিক পদচারণা শুরু হওয়া অরিজিৎ সিংয়ের সংগীতজীবনের ২০ বছর পূর্ণ হয় গত বছর।

এই দীর্ঘ সফরের প্রথম পরিবেশনাটি শুরু হবে আগামী বছরের ৯ জানুয়ারি আহমেদাবাদে। এরপর পর্যায়ক্রমে ২৩ জানুয়ারি চণ্ডীগড়, ৭ ফেব্রুয়ারি জয়পুর, ২০ ফেব্রুয়ারি মুম্বাই, ১৩ মার্চ বেঙ্গালুরু, ২৭ মার্চ নয়াদিল্লি, ১০ এপ্রিল পুনে, ১ মে ইন্দোর এবং সর্বশেষ ১৫ মে হায়দরাবাদে সংগীত পরিবেশন করবেন এই তারকা। নিজের ২০ বছরের দীর্ঘ সংগীতযাত্রার সব জনপ্রিয় আবেগ ও সুর এই সফরে সরাসরি তুলে ধরা হবে। দর্শকদের জন্য প্রতিটি ভেন্যুতে তৈরি করা হবে আধুনিক বহুস্তরীয় মঞ্চ। শিল্পীকে দর্শকদের আরও কাছাকাছি পৌঁছে দিতে মঞ্চের একটি বর্ধিত অংশ স্টেডিয়ামের ভেতরে দীর্ঘ রানওয়ের মতো প্রসারিত থাকবে।

এতে যুক্ত থাকছে ৩৬০ ডিগ্রি বিশেষ শব্দব্যবস্থা, গতিশীল এলইডি আলো, দানবীয় পর্দা, লেজার লাইট ও স্টেডিয়াম উপযোগী আতশবাজির বিশেষ সমন্বয়। নিজের এই বিশেষ সংগীত সফর নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে অরিজিৎ সিং বলেন, সংগীতের ২০ বছরের এই যাত্রার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। এর সবচেয়ে সুন্দর দিকটি সবসময়ই ছিল মানুষ—সেসব শ্রোতা, যারা এই গানগুলোকে নিজেদের মতো করে বাঁচিয়ে রেখেছেন। পুরো ভারত ঘুরে তাদের ভালোবাসা সরাসরি মঞ্চে একসঙ্গে অনুভব করার অপেক্ষায় আছি। এত গান, এত স্মৃতি, এত মানুষের সঙ্গে দেখা হবে, অপেক্ষা সহ্য হচ্ছে না। 

অনলাইন প্ল্যাটফর্ম thumpN-এ এই কনসার্টগুলোর টিকিট পাওয়া যাবে। আগামী ১৩ অক্টোবর দুপুর থেকে সাধারণ দর্শকদের জন্য এই প্ল্যাটফর্মে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।