মার্চ ১৮, ২০২৬, ১১:৫০ এএম
মাঝেমধ্যে আমারও খুব বিরতি নিতে ইচ্ছে করে—ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের এমন এক মন্তব্যে এখন তোলপাড় চলছে বলিপাড়া থেকে টলিপাড়া সর্বত্র। বছরের শুরুতেই অরিজিৎ সিং যখন প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তখন ভক্তদের মাঝে বিষাদের ছায়া নেমে এসেছিল। এবার অরিজিতের সেই পথেই হাঁটার ইঙ্গিত দিলেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল নিজেও।
একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি অরিজিতের সিদ্ধান্তের প্রশংসা করে নিজের ক্লান্তির কথা প্রকাশ করেছেন যা ভক্তদের মনে নতুন আশঙ্কার জন্ম দিয়েছে। গায়িকার এমন অকপট স্বীকারোক্তি এখন তাঁর সংগীত ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।
সাক্ষাৎকারে শ্রেয়া বলেন যে অরিজিৎ অত্যন্ত সাহসিকতার সাথে বিরতি নেওয়ার এই সিদ্ধান্তটি নিয়েছে। তিনি মনে করেন অরিজিৎ একজন খাঁটি শিল্পী যে গান থেকে কী উপার্জন হলো তা নিয়ে কখনোই মাথা ঘামায় না বরং নিজের মানসিক প্রশান্তির দিকেই নজর দেয়।
সংগীতের প্রতি এই গভীর ভালোবাসাই অরিজিতকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে এবং এই বিষয়টি শ্রেয়াকেও ভীষণভাবে অনুপ্রাণিত করেছে বলে তিনি জানান। অরিজিতের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রেয়া বলেন যে সংগীতের প্রতি এই অকৃত্রিম মমতাই শ্রোতাদের সাথে এক নিবিড় যোগসূত্র তৈরি করে দেয়।দীর্ঘ সংগীত জীবনে শ্রেয়া ঘোষাল অসংখ্য জনপ্রিয় গান উপহার দিলেও সমসাময়িক কিছু বিষয়ে নিজের বিরক্তির কথা স্পষ্ট করেছেন।
তিনি জানান যে লিরিক বা কথার মানহীন চটুল গান তিনি আর ভবিষ্যতে গাইবেন না। বিশেষ করে চিকনি চামেলির মতো গানের লিরিক নিয়ে তিনি এখন আর আগ্রহী নন। এছাড়া বর্তমানে প্রচলিত লিপ সিঙ্ক বা ঠোঁট মেলানোর সংস্কৃতির প্রতিও তিনি তীব্র অনীহা প্রকাশ করেছেন। শ্রেয়ার মতে যে দিন তাকে বাধ্য হয়ে এমন কোনো মেকি কাজ করতে হবে সেদিনই তিনি গান ছেড়ে দেবেন।
ক্যারিয়ারের ক্লান্তি এবং বর্তমান সময়ের গান তৈরির ধরণ পরিবর্তন হওয়ায় শ্রেয়াও এখন দীর্ঘ বিরতির কথা ভাবছেন। তবে তিনি এখনই স্থায়ীভাবে গান ছাড়ছেন কি না সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি। দীর্ঘ পথচলায় অরিজিৎ ও শ্রেয়া জুটি অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন। এখন এই দুই মহাতারকার একসাথে সংগীত থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা সংগীতাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হতে পারে বলে মনে করছেন সংগীত বিশ্লেষকরা। তাদের এই সম্ভাব্য অনুপস্থিতি আগামীর প্লেব্যাক দুনিয়ায় কতটা প্রভাব ফেলবে তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন