রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

উদ্বেগজনক হারে বাড়ছে ক্যানসার: প্রতি বছর মৃত্যু সোয়া লাখ মানুষের

স্বাস্থ্য ডেস্ক

জুন ৬, ২০২৬, ০১:৫৮ পিএম

উদ্বেগজনক হারে বাড়ছে ক্যানসার: প্রতি বছর মৃত্যু সোয়া লাখ মানুষের

ক্যানসার সচেতনতা

বাংলাদেশে ক্যানসারে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার উদ্বেগজনক হারে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি বছর প্রায় সোয়া লাখ মানুষ এই প্রাণঘাতী রোগে প্রাণ হারাচ্ছেন। আক্রান্তের সংখ্যাও প্রতি বছর এক লাখ ৬৭ হাজারেরও বেশি, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।দেশে ক্যানসার আক্রান্তের প্রকৃত সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়েও বেশি বলে মনে করছেন চিকিৎসকরা।

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের তথ্যমতে, গত বছর সেখানে প্রায় ৪২ হাজার রোগী চিকিৎসা নিয়েছেন। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩ লাখ ৪৬ হাজার মানুষ ক্যানসারে আক্রান্ত, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি। 

আক্রান্তদের মধ্যে শিশুর হার প্রায় ২ দশমিক ৪ শতাংশ। পুরুষদের মধ্যে ফুসফুস ও খাদ্যনালির ক্যানসার এবং নারীদের মধ্যে স্তন ও জরায়ুমুখের ক্যানসারের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।খাদ্যনালির ক্যানসারে মৃত্যুহার সবচেয়ে বেশি।

প্রতিবছর এই রোগে আক্রান্ত হয়ে ২৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে, যা মোট ক্যানসারজনিত মৃত্যুর প্রায় ২০ দশমিক ৯ শতাংশ। ক্যানসার বিশেষজ্ঞ ডা. মোস্তফা আজিজ সুমন জানান, বায়ু দূষণ, ভেজাল খাবার ও অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে ঝুঁকি বাড়ছে। সঠিক সময়ে টিকা প্রদান এবং নিয়মিত স্ক্রিনিং ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্তন ও জরায়ুমুখের ক্যানসারের মতো রোগগুলো নিয়ন্ত্রণে আনা সম্ভব।

বাংলাদেশে এখন পর্যন্ত ক্যানসারের কোনো কেন্দ্রীয় তথ্যভাণ্ডার নেই, তাই আক্রান্তের প্রকৃত সংখ্যা নির্ণয় করা কঠিন।বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন, টিকা কাভারেজ বাড়ানোর পাশাপাশি মানুষের জীবনযাত্রার পরিবর্তন অত্যন্ত জরুরি। সঠিক সময়ে শনাক্তকরণ ও জনসচেতনতাই এই রোগ থেকে মুক্তির মূল পথ।