জুলাই ২৯, ২০২৬, ০৪:১৩ পিএম
কম্পিউটার ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে হোয়াটসঅ্যাপ ওয়েবে ভয়েস ও ভিডিও কলের সুবিধা চালু করেছে মেটা। যারা কম্পিউটারে আলাদা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ব্যবহার না করে ব্রাউজারে সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাদের জন্য এটি দারুণ এক সুসংবাদ।মঙ্গলবার থেকে এই নতুন সুবিধা উন্মুক্ত করা হয়েছে।এর ফলে এখন থেকে ব্যবহারকারীরা কোনো অতিরিক্ত অ্যাপ বা জটিল সেটআপ ছাড়াই সরাসরি ব্রাউজার থেকে অডিও ও ভিডিও উভয় ধরনের কল করতে পারবেন। নতুন এই আপডেটের সাথে যুক্ত হয়েছে পাঁচটি আকর্ষণীয় ফিচার।
প্রথমত, কল ট্রান্সফার সুবিধার মাধ্যমে মোবাইল বা ট্যাবলেট থেকে চলমান কল কোনো ধরনের বিরতি বা সংযোগ বিচ্ছিন্ন হওয়া ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব বা ডেস্কটপ অ্যাপে স্থানান্তর করা সম্ভব। এতে অপর প্রান্তের ব্যবহারকারী কোনো পরিবর্তন টেরই পাবেন না।দ্বিতীয়ত, ওয়েটিং রুম ফিচারের মাধ্যমে কল লিংকের সাহায্যে যুক্ত হওয়া গ্রুপ কলের ওপর হোস্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। ‘রিকোয়ার অ্যাপ্রুভাল টু জয়েন’ অপশন চালু থাকলে অনুমতি ছাড়া কেউ সরাসরি কলে ঢুকতে পারবেন না, বরং অপেক্ষাগারে থাকবেন এবং হোস্ট যাচাই করে প্রবেশের অনুমতি দেবেন।
তৃতীয়ত, কুইক এইচডি ফিচারের মাধ্যমে কল কানেক্ট হওয়ার প্রথম মুহূর্ত থেকেই উন্নত হাই-ডেফিনিশন ভিডিও সার্ভিস পাওয়া যাবে। ভিডিওর মান স্বয়ংক্রিয়ভাবে ভালো হবে।চতুর্থত, নয়েজ সাপ্রেশন বা শব্দ নিয়ন্ত্রণ প্রযুক্তির মাধ্যমে বাইরের ট্রাফিক, ফ্যানের আওয়াজ বা যেকোনো অপ্রয়োজনীয় হট্টগোল ফিল্টার করে কেবল ব্যবহারকারীর পরিষ্কার কণ্ঠ পৌঁছে দেওয়া হবে।পঞ্চমত, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের কাছে এই আপডেটটি পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হচ্ছে। ফিচারগুলো এখনো না পেলে অ্যাপ বা ব্রাউজার আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন