সেপ্টেম্বর ৯, ২০২৬, ০২:৩৪ পিএম
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে আরও কিছুদিন অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হতে পারে। প্রযুক্তি বাজারে অ্যাপলের পরবর্তী প্রজন্মের আইফোন ১৮ প্রো নিয়ে ইতোমধ্যে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। সম্ভাব্য নতুন হার্ডওয়্যার ও উন্নত প্রযুক্তির কারণে প্রযুক্তিপ্রেমীদের নজর এখন এই নতুন সিরিজের দিকে। এবারের মডেলগুলোতে বাহ্যিক পরিবর্তনের চেয়ে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধিতে বেশি জোর দেওয়া হচ্ছে।
ফাঁস হওয়া বিভিন্ন প্রযুক্তিগত প্রতিবেদনের তথ্যমতে, নতুন সিরিজের ফোনগুলোতে এ২০ প্রো চিপ ব্যবহার করা হতে পারে। দুই ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপ স্মার্টফোনের প্রক্রিয়াকরণ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ব্যাটারির খরচ অনেক কমিয়ে আনবে। ক্যামেরায় যুক্ত হতে পারে ভ্যারিয়েবল অ্যাপার্চার বা পরিবর্তনশীল লেন্স প্রযুক্তি। এর ফলে বিভিন্ন পরিবেশে ক্যামেরায় আলোর প্রবেশ নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং ছবি ও ভিডিওর মান আরও উন্নত হবে।
বাহ্যিক আকার ও লেন্সের বিন্যাস অনেকটা আগের প্রজন্মের আইফোন ১৭ প্রো মডেলের মতোই থাকতে পারে। ব্যাটারি, পর্দার মান ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক ফিচারেও বড় ধরনের পরিবর্তনের আভাস দেওয়া হয়েছে। তবে প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, নির্মাতা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করা পর্যন্ত এসব তথ্য চূড়ান্ত নয় এবং যারা অবিলম্বে ফোন বদলাতে চান না, তাদের জন্য পরবর্তী বড় আপডেটের অপেক্ষা করাই বেশি লাভজনক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন