বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

DaVinci Resolve 21.1 সংস্করণে যুক্ত হলো এআই সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৬, ১০:২২ পিএম

DaVinci Resolve 21.1 সংস্করণে যুক্ত হলো এআই সুবিধা

জনপ্রিয় ভিডিও সম্পাদনা সফটওয়্যার দাভিঞ্চি রিজলভে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুবিধা। নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠিত আইবিসি ২০২৬ সম্মেলনে নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকম্যাজিক ডিজাইন আনুষ্ঠানিকভাবে তাদের নতুন ২১ দশমিক ১ সংস্করণ উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। নতুন এই আপডেটে এআই অ্যাসিস্ট্যান্ট ইন্টিগ্রেশনের পাশাপাশি শতাধিক নতুন টুল এবং ফিচার যুক্ত করা হয়েছে।

সফটওয়্যারটি বর্তমানে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিনামূল্যে নামানো যাচ্ছে। নতুন সংস্করণের সবচেয়ে বড় চমক হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক ব্যবস্থা। ক্লড ও চ্যাটজিপিটি কোডেক্সের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা টুলের সাহায্যে ব্যবহারকারীরা এখন লিখিত নির্দেশনার মাধ্যমেই সম্পাদনার অনেক কাজ করতে পারবেন। 

লম্বা ভিডিও থেকে প্রয়োজনীয় অংশ কেটে ছোট করা, অবাঞ্ছিত দৃশ্য বাদ দেওয়া এবং স্বয়ংক্রিয়ভাবে রেন্ডার করার মতো সময়সাপেক্ষ কাজগুলো এআই নিজে থেকেই দ্রুত সম্পন্ন করে দেবে। এর ফলে ভিডিও নির্মাতারা কারিগরি কাজের বদলে সৃজনশীল বিষয়ে বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ব্ল্যাকম্যাজিক ডিজাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রান্ট পেটি।

ভিডিও সম্পাদনার পাশাপাশি সফটওয়্যারটির ছবি সম্পাদনা বিভাগেও বড় পরিবর্তন এসেছে। ফুজিফিল্ম, লেইকা এবং সনির মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের উচ্চমানের ক্যামেরা ফাইলগুলো এখন কোনো রূপান্তর ছাড়াই সরাসরি ব্যবহার করা যাবে। এছাড়া মাল্টিক্যাম সম্পাদনা ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে এবং থ্রিডি গ্রাফিক্স ও ভিজ্যুয়াল ইফেক্টস তৈরির জন্য ২৫টির বেশি নতুন টুল যুক্ত করা হয়েছে।