জুন ৪, ২০২৬, ১২:০৩ পিএম
দেশের পারমাণবিক সামরিক সক্ষমতা জ্যামিতিক হারে বাড়ানোর ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সম্প্রতি একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কারখানা পরিদর্শনের সময় তিনি এই পরিকল্পনার কথা প্রকাশ্যে আনেন।গত পাঁচ বছরে তাদের অস্ত্রমানের পারমাণবিক উপাদান উৎপাদন সক্ষমতা দ্বিগুণের বেশি বেড়েছে বলে দাবি করেন তিনি।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে কারখানাটির সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি। তবে এটি ইয়ংবিয়নে নবনির্মিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র হতে পারে বলে বিশ্লেষকেরা ধারণা করছেন।
যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপ সত্ত্বেও পিয়ংইয়ং নিজেদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে নারাজ।এই কর্মসূচিকে সম্পূর্ণ অপরিবর্তনীয় হিসেবে ঘোষণা করে তারা বুঝিয়ে দিয়েছে, এখানে আপসের কোনো সুযোগ নেই।উত্তর কোরিয়া স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ইয়াং মু-জিন জানিয়েছেন, কারখানার অবস্থান সত্যিই ইয়ংবিয়নে হলে এর পেছনে রাজনৈতিক প্রচারণার একটি বড় উদ্দেশ্য রয়েছে।
কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের বিশ্লেষক হং মিনের মতে, ইতিমধ্যে বিপুল সংখ্যক কৌশলগত অস্ত্র উন্মোচন করেছে উত্তর কোরিয়া। এসব অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের জন্য তাদের এখন আরও বেশি পারমাণবিক ওয়ারহেড দরকার। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে তারা স্পষ্ট বার্তা দিচ্ছে যে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই।
১৯৯৩ সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যায় উত্তর কোরিয়া। এরপর এ পর্যন্ত ছয়টি পারমাণবিক পরীক্ষা চালানোর কারণে তাদের ওপর একাধিক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। বর্তমানে দেশটির হাতে কয়েক ডজন পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়।
তথ্যসূত্র: এএফপি


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন