রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে ইরানকেও যোগদানের প্রস্তাব

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৭:০৯ পিএম

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে ইরানকেও যোগদানের প্রস্তাব

ছবি - সংগৃহীত

ইসরাইলি হামলার প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি ইরানকে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের পরামর্শ দিয়েছেন।

রবিবার ইরানের গণমাধ্যম তেহরান টাইমস-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।এক টিভি সাক্ষাৎকারে জেনারেল সাফাভি বলেন, ইরান, সৌদি আরব ও পাকিস্তান মিলে একটি সম্মিলিত প্রতিরক্ষা চুক্তির দিকে এগিয়ে যেতে পারে। তিনি আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার জন্য মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

১৭ সেপ্টেম্বর রিয়াদে স্বাক্ষরিত সৌদি-পাকিস্তান কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, যেকোনো একটি দেশের ওপর আক্রমণ হলে তা উভয়ের বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচিত হবে এবং যৌথ প্রতিক্রিয়া দেওয়া হবে।এই চুক্তির প্রধান লক্ষ্য হলো পারস্পরিক প্রতিরোধ ক্ষমতা বাড়ানো।

চুক্তি স্বাক্ষরের একদিন পর দোহায় অনুষ্ঠিত আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে গাজায় ইসরাইলি হামলা এবং কাতারে হামাস নেতাদের ওপর বিমান হামলার বিষয়টি আলোচনা হয়। ওই হামলার পর থেকেই ইরান ও পাকিস্তানসহ বেশ কয়েকটি মুসলিম দেশ বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আসছে।

এর আগে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ন্যাটোর আদলে একটি ইসলামিক সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছিলেন।