সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১০:০২ এএম
দোহায় সাম্প্রতিক হামলার জন্য কাতারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলার সময় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি নাগরিক নিহত হওয়ায় তিনি এই ক্ষমা চান। আল জাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক চলাকালে ফোনকলে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছে নেতানিয়াহু ক্ষমা চান। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, "প্রথম পদক্ষেপ হিসেবে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারে হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি সেনা নিহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।"
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জিম্মি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালিয়ে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, এজন্যও নেতানিয়াহু দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি নিশ্চিত করেছেন যে ইসরায়েল ভবিষ্যতে আর কখনো এই ধরনের আক্রমণ করবে না।
গত ৯ সেপ্টেম্বরের ওই হামলায় হামাসের পাঁচ সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনায় থাকা হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। তবে হামাসের শীর্ষ নেতারা সে যাত্রায় হত্যার চেষ্টা থেকে বেঁচে যান।
এটি ছিল কাতারের ওপর প্রথম ইসরায়েলি আক্রমণ। উল্লেখ্য, গাজা যুদ্ধবিরতি প্রচেষ্টায় দোহা গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। দেশটিতে মার্কিন সামরিক বাহিনীর বৃহত্তম ঘাঁটিটিও রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন