জানুয়ারি ১৫, ২০২৬, ১০:৫৭ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে দেওয়া তার এই পোস্টটি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।
ফেসবুক পোস্টে তিনি বিচার প্রক্রিয়ার বিলম্ব নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, "ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে?" একইসঙ্গে ইনকিলাব মঞ্চের নীরবতা নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি লিখেছেন, "ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না!"
রাবেয়া ইসলাম সম্পা তার পোস্টে ওসমানের বিপ্লবী সত্তাকে স্মরণ করে লেখেন, "বিচার হবে না—এ শব্দটাকেই মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে, সেটা যেকোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এদেশে আর জন্মাবে না।"
শহীদ ওসমান হাদি তার সন্তানদের মতো ভালোবাসতেন ‘ইনকিলাব মঞ্চ’কে। সেই স্মৃতিচারণ করে সম্পা লিখেছেন, "ওসমান হাদি বলতেন—আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস। পোলাপানগুলারে বেতন দেই না, ঠিকভাবে খাবারও খেতে পারে না কাজের জন্য। নিঃস্বার্থভাবে আমার সঙ্গে লেগে থাকে।"
পোস্টের শেষাংশে তিনি ওসমান হাদির একটি বিখ্যাত উক্তি উদ্ধৃত করেন— "দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।"
সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করে হাজার হাজার মানুষ শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। অনেকে ইনকিলাব মঞ্চের ভাই-বোনদের পাশে দাঁড়ানোর এবং লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন