রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

জাবেরের পর ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়ার ঘোষণা জুমার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ১০:৪৪ পিএম

জাবেরের পর ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়ার ঘোষণা জুমার

ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমা। বুধবার (৮ জুলাই) নিজেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পৃথক পোস্টে তারা এই সিদ্ধান্তের কথা জানান। শহীদ ওসমান হাদীর ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে এবং বিদ্যমান দলিল-দস্তাবেজের ভিত্তিতে সংগঠনটি দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়।

আব্দুল্লাহ আল জাবের তার পোস্টে জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি ‍‍`জনতার আমানত‍‍` হিসেবে পরিচালিত হওয়ার পরিকল্পনা ছিল। তবে গত ছয় মাস ধরে ওয়ারিশ সংক্রান্ত বিষয়টির সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। 

তিনি উল্লেখ করেন, শহীদ ওসমান হাদীর সম্মানের স্বার্থে এবং তার ওয়ারিশদের দাবির প্রেক্ষিতেই ইনকিলাব কালচারাল সেন্টার হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাবের আরও জানান, শহীদ ওসমান হাদীর শাহাদাতের পর ঢাকা-৮, সেন্টারসহ সংশ্লিষ্ট সব অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় সেই হিসাব ব্যতীত দায়িত্বকালীন সময়ের অন্যান্য সব হিসাব দ্রুত প্রকাশ করা হবে।

ফাতিমা তাসনিম জুমা তার পোস্টে জানান, জুলাই-পরবর্তী সময়ে সংগঠনটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজনৈতিক পরিসরে প্রবেশ করতে শুরু করলে তিনি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ওয়ারিশ সংক্রান্ত জটিলতা, প্রকাশ্যে নানা আলোচনা ও মানসিক চাপের মুখে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। জুমার মতে, শহীদ ওসমান হাদীর শাহাদাতের পর ট্রাস্ট গঠনের চেষ্টা করা হলেও তা সম্পন্ন করা সম্ভব হয়নি।

নিজেদের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও জাবের ও জুমা উভয়েই ইনসাফের লড়াই ও সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা জানিয়েছেন, ইনকিলাবের প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রক্ষার চেষ্টা অব্যাহত থাকবে এবং সংগ্রামের পথ অন্য কোনো মাধ্যমে চলমান থাকবে।