অক্টোবর ৬, ২০২৬, ০৫:০৯ পিএম
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান এবং কওমি আলেমদের একাংশের ওই দলের সঙ্গে রাজনৈতিক জোট গঠনের তীব্র সমালোচনা করেছেন। তিনি এই ধরনের রাজনৈতিক মেরুকরণ বা সংশ্লিষ্টতাকে সাধারণ ধর্মপ্রাণ মানুষের জন্য চরম বিভ্রান্তিকর ও পথভ্রষ্টতা হিসেবে চিহ্নিত করেছেন। সম্প্রতি একটি প্রকাশ্য সমাবেশে দেওয়া তার এই সমালোচনামূলক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইসলামি রাজনীতি ও আলেম সমাজের মধ্যে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।
বক্তব্যে জামায়াতে ইসলামীর মাধ্যমে দ্বীন কায়েমের ধারণার প্রসঙ্গ টেনে খতিব ক্ষোভ প্রকাশ করে নাউজুবিল্লাহ উচ্চারণ করেন। কওমি ঘরানার রাজনৈতিক দলগুলোর জামায়াতের সঙ্গে নির্বাচনী বা রাজনৈতিক ঐক্যে যাওয়ার বিরোধিতা করে তিনি সরাসরি হুঁশিয়ারি দেন। মুফতি আব্দুল মালেক স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, যারা জামায়াতে যোগদান করবেন তারা পথভ্রষ্টতার পথেই পা বাড়াবেন।
তিনি প্রশ্ন তোলেন, সব কওমি আলেম জামায়াতের দিকে চলে যাবে—এমন দাবি ভিত্তিহীন ও অবাস্তব। পুরো কওমি সমাজ যদি ওই দিকে চলে যায় তবে সবাই পথভ্রষ্ট হয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, কওমির আলেম সমাজ যদি পুরোপুরি ওই রাজনৈতিক ধারায় যুক্ত হয়, তবে তা দ্বীনি বিচ্যুতির কারণ হবে।
কওমি ধারার আলেমদের দলবদ্ধভাবে জামায়াতে অন্তর্ভুক্তির ধারণাকে অবাস্তব কল্পনা আখ্যা দিয়ে খতিব বলেন, পুরো কওমি সেখানে চলে যাবে—এমন বাড়তি স্বপ্ন দেখার কোনো কারণ নেই। কওমির মধ্যে দ্বীনি মূল্যবোধ অক্ষুণ্ণ থাকলে তারা কখনোই ওই দিকে যাবে না। বরং যাদের ভাগ্য ভালো, তারাই বিভ্রান্তির পথ পরিহার করে সঠিক দ্বীনি ধারার দিকে ফিরে আসবে বলে মন্তব্য করেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন