এপ্রিল ২৬, ২০২৬, ০২:২৫ পিএম
দেশের বর্তমান তরুণ প্রজন্মের মানসিকতা ও আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তার মতে, আজকের তরুণরা অনেকটা ‘ইনস্ট্যান্ট কফির’ মতো হয়ে গেছে, যারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাতেই বেশি পছন্দ করে। রোববার (২৬ এপ্রিল) বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশের মোট জনসংখ্যার প্রায় ২৭ শতাংশ তরুণ।
কিন্তু দুঃখজনকভাবে এই বিশাল জনগোষ্ঠী এখন গভীরভাবে কোনো কিছু বিশ্লেষণ করতে চায় না এবং বোঝার সক্ষমতাও ক্রমশ হারিয়ে ফেলছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো কিছু দেখে দ্রুত মন্তব্য বা রিয়েক্ট করে। এই ‘ইনস্ট্যান্ট কফি’ সংস্কৃতির কারণে দেশ কীভাবে প্রকৃত গবেষণার দিকে এগিয়ে যাবে, তা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী।
তিনি মনে করেন, তরুণদের এই অগভীর চিন্তাভাবনা জাতীয় মেধাস্বত্ব ও উদ্ভাবনী কর্মতৎপরতায় নেতিবাচক প্রভাব ফেলছে।বক্তব্যের এক পর্যায়ে মন্ত্রী তরুণদের মধ্যে ফেসবুকে ভাইরাল হওয়ার প্রবল প্রবণতা নিয়ে সমালোচনা করেন। তিনি আক্ষেপ করে বলেন, এখনকার কিশোর-কিশোরীদের কাছে জনপ্রিয় হওয়াটাই সবকিছুর ঊর্ধ্বে। এমনকি স্কুল-কলেজের ইউনিফর্ম পরে শিক্ষক কিংবা রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ উক্তি করতেও তারা দ্বিধা করছে না। তরুণ প্রজন্মের এই নৈতিক অবক্ষয় সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছে, তা নিয়ে তিনি দুশ্চিন্তা প্রকাশ করেন। অসংলগ্ন ফেসবুক লাইভ এবং অযাচিত মন্তব্যের মাধ্যমে একটি উদ্দেশ্যহীন সমাজ গড়ে উঠছে বলেও তিনি মন্তব্য করেন।
আন্তর্জাতিক মেধাস্বত্ব ব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশের পিছিয়ে থাকার বিষয়টিও আলোচনায় আনেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রশাসনিক প্রক্রিয়ার দুর্বলতার কারণে আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ উদ্ভাবন ও মেধাস্বত্ব বিদেশের মাটিতে রেজিস্ট্রেশন বা ট্রেডমার্ক পাচ্ছে। অথচ আমরা নিজেদের দেশে তা যথাযথভাবে প্রতিষ্ঠা করতে পারছি না। উদ্ভাবকদের স্বার্থ সুরক্ষা এবং সৃজনশীল কাজকে এগিয়ে নিতে ইউজিসির এই কর্মশালাটি অত্যন্ত সময়োপযোগী বলে তিনি উল্লেখ করেন। একই সাথে তিনি তরুণদের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আরও দায়িত্বশীল এবং চিন্তাশীল হওয়ার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন