রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ০৪:৩২ পিএম

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

পারমাণবিক বিশ্বে বাংলাদেশ

পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে যাত্রা শুরু করলো বাংলাদেশ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে তালিকায় নাম লেখালো বাংলাদেশ।

মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, সচিব মো. আনোয়ার হোসেন এবং রাশিয়ান সংস্থা রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাআভ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি ভিডিও বার্তার মাধ্যমে এই মাইলফলক অর্জনের জন্য বাংলাদেশকে স্বাগত জানান। 

তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের জন্য আজকের দিনটি এক ঐতিহাসিক দিন। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ নিরাপদ ও টেকসই জ্বালানির পথে বড় এক ধাপ এগিয়ে গেল।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অনুষ্ঠানে জানান, সবকিছু ঠিক থাকলে আগামী আগস্ট বা সেপ্টেম্বর মাসের মধ্যেই জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে। তিনি আশা প্রকাশ করেন যে, এই বিদ্যুৎ কেন্দ্র দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, চুল্লিতে ইউরেনিয়াম স্থাপনের এই প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটি এখন উৎপাদনমুখী স্তরে প্রবেশ করলো। জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমিয়ে কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রূপপুর প্রকল্পের এই সফলতার মাধ্যমে দেশের জ্বালানি খাতে এক নতুন দিগন্তের সূচনা হলো। সরাসরি ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যে জানা যায়, বর্তমানে প্রকল্পের কারিগরি কার্যক্রম আইএইএ-র কঠোর তদারকিতে সম্পন্ন হচ্ছে।